প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী

বাজেটে অগ্রাধিকার পাবে দেশি শিল্প

২০২১-২২ অর্থবছরের বাজেটে দেশি শিল্পকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি আরও জানান, করোনাভাইরাসের কারণে দেশি শিল্প খাতের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজগুলোর মেয়াদসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন শীর্ষ ব্যবসায়ী নেতারা।

গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল প্রাক-বাজেট আলোচনা সভা শেষে এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, সভায় ব্যবসায়ী নেতাদের বিভিন্ন দাবির বেশির ভাগই করসংক্রান্ত। তাদের উপস্থাপিত দাবিগুলো রেকর্ড করা হয়েছে। বাজেট প্রণয়নে জড়িতদের সঙ্গে এসব দাবি নিয়ে একাধিক বৈঠক হবে। সেখানে যেসব দাবি যৌক্তিক এবং দেশের জন্য মঙ্গলকর মনে হবে, সেগুলো অবশ্যই বাজেটে অন্তর্ভুক্ত করা হবে।

এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, দাবি তো সব সময় বেশি করা হয়। তারা যেসব দাবি করেছেন, তা অযৌক্তিক বলব না। তবে সরকারের পক্ষে কতটা নেওয়া সম্ভব, সে বিষয়ে এ মুহূর্তে বলা সম্ভব নয়। অর্থ সচিবের নেতৃত্বে বাজেট প্রণয়নের কাজ চলছে। আমরা দেখব, তাদের দাবি কতটা গ্রহণ করা যায়।

তিনি বলেন, কভিড-১৯-এর কারণে দেশের অর্থনৈতিক কর্মকা- সচল রাখতে গত বছর প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২৩ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। এতে তাদের উপকার হয়েছে বলে তারা স্বীকার করেছেন। তবে কভিড-১৯ এখনো দেশে থেকে যাওয়ায় প্রণোদনা প্যাকেজ ও অন্যান্য সুযোগ-সুবিধার মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। কারণ, প্রধানমন্ত্রী নিজে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। আমরা শুধু সেই নির্দেশনা বাস্তবায়ন করেছি। প্রণোদনা প্যাকেজের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়টি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে।

অর্থমন্ত্রী আরও বলেন, ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রণোদনা প্যাকেজ দেশের অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। তবে এখনো অনেক খাতে নানা সমস্যা আছে। তারা প্রণোদনা প্যাকেজের কোনো সুবিধা পায়নি। ব্যবসায়ী নেতারা নতুন খাতগুলোর জন্যও প্রণোদনা প্যাকেজের সুযোগ দাবি করেছেন।

লকডাউন নিয়ে অর্থমন্ত্রী বলেন, সব মানুষ আমাদের কাছে মূল্যবান। তাদের জীবন-জীবিকা যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী সচেতন। আশা করছি, তিনি সময়োপযোগী সিদ্ধান্ত নেবেন।