ফিলিস্তিনিদের সহায়তা পুনর্বহালের ঘোষণা বাইডেনের

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ট্রাম্প প্রশাসনের সহায়তা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন। সেই তহবিল পুনর্বহালের সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। খবর আলজাজিরার।

এ ঘোষণার অংশ হিসেবে ১৫০ মিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজের পরিকল্পনা করছে হোয়াইট হাউজ। গত বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে এগিয়ে যাওয়ার উপায় হিসেবে যুক্তরাষ্ট্র উভয় দেশের মানুষের সমৃদ্ধি, সুরক্ষা ও স্বাধীনতার প্রতি অঙ্গীকারাবদ্ধ।’

২০১৮ সালে ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিন্ন করে তৎকালীন ট্রাম্প প্রশাসন। একইসঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘে দেওয়া তহবিলও বন্ধ করে দেন ট্রাম্প। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ফিলিস্তিন স্বীকৃতি না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এ পদক্ষেপ নেন তিনি।

এখন ওই নীতি থেকে সরে এসে পুনরায় দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপন ও শরণার্থী তহবিল চালুর সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) মাধ্যমে এ তহবিল সরবরাহ করা হবে।

পশ্চিমতীর, গাজা উপত্যকা ছাড়াও লেবানন এবং জর্ডানের প্রায় ৫৭ লাখ ফিলিস্তিনি শরণার্থীর স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ অন্যান্য মৌলিক পরিষেবা সরবরাহে সহায়তা করে থাকে ইউএনআরডব্লিউএ। শরণার্থীদের জন্য ট্রাম্পের বন্ধ করে দেওয়া তহবিল পুনরায় চালুর বাইডেন প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংস্থাটি।