হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদিসহ ১৭ নেতার বিরুদ্ধে করা মামলা ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ উল্লেখ করে এটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংগঠনের আমির জুনায়েদ বাবুনগরী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে বাবুনগরী বলেন, ‘২৬ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ওপর পুলিশের সহযোগী হেলমেট পরা ও চাপাতি-রামদা হাতে একদল সন্ত্রাসী বিনা উসকানিতে আক্রমণ চালায়। পাশাপাশি পুলিশও মুসল্লিদের ওপর গুলি চালায়। এর পরিপ্রেক্ষিতে সাধারণ মুসল্লিরা আত্মরক্ষার্থে গণপ্রতিরোধ গড়ে তোলেন। সেদিন হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি ছিল না। রাজনৈতিক উদ্দেশ্যে হেফাজতের ১৭ জন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’