হিলিতে দিনদুপুরে অফিসের তালা ভেঙে চুরি

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে গতকাল শুক্রবার জুমার নামাজের সময় দিনদুপুরে জাহিদুল ইসলাম নামে এক পোল্ট্রি ফিড ব্যবসায়ীর অফিসের তালা ভেঙে ড্রয়ার থেকে সাড়ে চার লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এসময় বাড়ি থেকে কেউ যেন বের না হতে পারেন সে জন্য প্রবেশমুখে তালা মেরে দেয় দুর্বৃত্তরা।

গতকাল দুপুরে হিলির উত্তর বাসুদেবপুরে নারিশ পোল্ট্রি ফিডের ডিলার মেসার্স সুরমা ট্রেডার্সের জাহিদুল ইসলামের অফিসে এ চুরির ঘটনাটি ঘটে।

ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, সকাল থেকে ফিড বিক্রিসহ বিভিন্ন বাবদ সাড়ে চার লাখ টাকা ক্যাশ বাক্সে রেখে অফিসটি তালাবদ্ধ করে দুপুর সোয়া ১টার দিকে জুমার নামাজ পড়তে যাই। ফরজ নামাজ শেষে দ্রুত ফিড ডেলিভারি দেওয়ার জন্য অফিসে এসে দেখি তালা ভাঙা, স্টিলের ক্যাশবাক্সের তিনটি ড্রয়ারে রাখা টাকা নেই।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাটির তদন্ত চলছে।