মাদক সেবনের কথা বাবাকে বলে দেওয়ায় চাচাকে কুপিয়ে হত্যা

ধামইরহাটে মাদক সেবন করার কথা পরিবারকে জানিয়ে দেওয়ায় মো. মোস্তফা (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে রাজু হোসেন (২১) নামে এক তরুণ। গতকাল শুক্রবার সকালে উপজেলার ইসবপুর ইউনিয়নের পূর্ব তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা ওই গ্রামের আবদুস সামাদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত রাজু হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজু একই গ্রামের এনামুল হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে রাজু হোসেন গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হন। তার মাদক সেবনের বিষয়টি পরিবারের কেউ জানত না। গত বুধবার রাজুর মাদক সেবনের কথা প্রতিবেশী চাচা মো. মোস্তফা রাজুর বাবাকে জানান। বিষয়টি জানার পর রাজুকে তার বাবা বকাঝকা করেন। এতে রাজু প্রতিবেশী চাচা মোস্তফার ওপর ক্ষিপ্ত হয় এবং গতকাল সকালে তার বাড়িতে যায়। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাজু হোসেন হাঁসুয়া দিয়ে মোস্তফাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।