বাইডেনের ডাকা জলবায়ু সম্মেলনকে স্বাগত জানাল বিএনপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত বাইডেন প্রশাসন এই জলবায়ু পরিবর্তনের বিষয়টাকে সম্পূর্ণ অগ্রাধিকার দিয়ে, গুরুত্ব দিয়ে বিশ্বের ৪০টি দেশের নেতৃবৃন্দের সঙ্গে ভার্চুয়ালি আলোচনা করবেন এবং তারা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে অবশ্যই এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমরা অবশ্যই মার্কিন প্রেসিডেন্টের এই উদ্যোগকে সমর্থন করি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আশা করি ৪০টি দেশের নেতৃবৃন্দের সঙ্গে বাইডেন প্রশাসনের আলোচনা থেকে একটি পথ বেরিয়ে আসবে, একটা স্ট্র্যাটেজিক পলিসি তৈরি হবে। তাতে আমরা ভবিষ্যতে এই পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারব।’

তিনি বলেন, ‘বিএনপি সবসময় জলবায়ু পরিবর্তনের বিষয়টাকে গুরুত্ব দিয়ে আসছে। বিশ্বের অস্তিত্ব আজকে বিপন্ন হয়ে পড়েছে। আমাদের উন্নত দেশ ও শিল্পোন্নত দেশসহ সারা বিশ্বে যে কার্বন নিঃসরণ হয় এর ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, আক্রান্ত হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ। বিশ্বের জলবায়ু পরিবর্তনের বিষয়টি যুক্তরাষ্ট্রের নির্বাচিত বাইডেন প্রশাসন অধিক গুরুত্ব দিচ্ছে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে গতকাল সকালে ঢাকায় আসেন জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি।