রয়্যালটি ও অন্যান্য ফি বিদেশে পাঠানো সহজ হলো

বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত প্রকল্পের ক্ষেত্রে আয়কর বিবরণীতে ঘোষিত বিগত বছরের বিক্রয়ের (ভ্যাট ছাড়া) ৬ শতাংশ অর্থ রয়্যালটি, টেকনিক্যাল নলেজ বা টেকনিক্যাল নো-হাউ ফি, টেকানিক্যাল অ্যাসিসটেন্ট ফি বিদেশে পাঠানো যাবে। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে রয়্যালটি, টেকনিক্যাল নলেজ/টেকনিক্যাল নো-হাউ ফি, টেকানিক্যাল অ্যাসিসটেন্ট ফি এবং ফ্র্যাঞ্চাইজি ফি প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষের (বিডা) জারিকৃত গাইডলাইনের বিধিবিধান অনুসরণের জন্য নির্দেশনা দিয়েছে।

বিডা’র গাইডলাইনের সঙ্গে সংযুক্ত তফশিল-১ অনুযায়ী রয়্যালটি, টেকনিক্যাল নলেজ বা টেকনিক্যাল নো-হাউ ফি, টেকনিক্যাল অ্যাসিসটেন্ট ফি বাবদ অর্থ নতুন প্রকল্পের ক্ষেত্রে আমদানিকৃত যন্ত্রপাতির সিঅ্যান্ডএফ মূল্যের ৬ শতাংশ বিদেশে প্রেরণযোগ্য হবে। বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত প্রকল্পের ক্ষেত্রে আয়কর বিবরণীতে ঘোষিত বিগত বছরের বিক্রয়ের (ভ্যাট ছাড়া) ৬ শতাংশ অর্থ এসব খাতে ব্যয় নির্বাহে বিদেশে প্রেরণ করা যাবে। এসব ব্যয় ছাড়াও ফ্র্যাঞ্চাইজি ফি ও ঠিকাদারের অনুকূলে ফি প্রেরণের বিষয়ে তফশিল-১ এ নির্দেশনা রাখা হয়েছে। পাশাপাশি অগ্রিম ফি পরিশোধের ব্যবস্থাও রয়েছে। অগ্রিম ফি পরিশোধের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থায় অনুসৃত নির্দেশনা পরিপালন করতে হবে বলে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে জানানো হয়েছে।

বিডা’র গাইডলাইন অনুযায়ী ফি প্রেরণের ক্ষেত্রে রেমিট্যান্স প্রেরণকারীকে একটি মাত্র অনুমোদিত ডিলার ব্যাংক নির্ধারণ করতে হবে বলে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে। সার্কুলার অনুযায়ী রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে প্রযোজ্য উৎসে কর, ভ্যাট ও অন্যান্য সরকারি পাওনা আদায় ও পরিশোধ করতে হবে। আলোচ্য গাইডলাইনের আওতায় বিডা’র কেস টু কেস অনুমোদন ছাড়াই রয়্যালটি, টেকনিক্যাল নলেজ, প্রভৃতি ফি বাবদ আবশ্যকীয় ব্যয় বিদেশি সরবরাহকারীকে পরিশোধ করা সহজ হবে।