ইস্টার্ন ব্যাংকের ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করে গতকাল ব্যাংকটির পরিচালনা পর্ষদ এই লভ্যাংশ ঘোষণা করে, যার মধ্যে ১৭ দশমিক ৫ শতাংশ নগদ ও ১৭ দশমিক ৫ শতাংশ বোনাস। ইস্টার্ন ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৯ সালে ইস্টার্ন ব্যাংক শেয়ারহোল্ডারদের শুধুমাত্র ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

ইস্টার্ন ব্যাংক জানিয়েছে, ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫ পয়সা, যা আগের বছর ছিল ৪ টাকা ৯৪ পয়সা। ২০২০ সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৫ টাকা ৬৯ পয়সা, যা আগের বছর ছিল ৩১ টাকা ৪৯ পয়সা।

ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩০ মে বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ মে।