করোনাভাইরাস সংক্রমণের রোধে আগামীকাল ১৪ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায়ে চার দফা নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে তারাবি ও ওয়াক্তের নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদেমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন। এদিকে হিজরি ১৪৪২ সনের পবিত্র রমজান মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ মঙ্গলবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
কভিড-১৯ মহামারীর কারণে গত বছরও রমজানে মসজিদে জমায়েত সীমিত করে দিয়েছিল সরকার। গতকাল সোমবার ধর্ম মন্ত্রণালয় নির্দেশনায় আরও জানিয়েছে, জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে হবে। পবিত্র রমজানে তিলাওয়াত ও জিকিরের মাধ্যমে আল্লাহর রহমত ও বিপদ মুক্তির জন্য দোয়া করারও অনুরোধ রয়েছে নির্দেশনায়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং মসজিদ পরিচালনা কমিটিকে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
চাঁদ দেখা কমিটির বৈঠক আজ : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আজ সন্ধ্যা পৌনে ৭টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ কমিটির বৈঠক হবে। গতকাল ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি ফরিদুল হক খান বৈঠকে সভাপতিত্ব করবেন। এ বৈঠক থেকেই সিদ্ধান্ত হবে কবে থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।
দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখে গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ ফোন নম্বরে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।