‘লকডাউনে’ চলাচলে লাগবে পুলিশের ‘মুভমেন্ট পাস’

করোনা সংক্রমণ রোধে ‘সর্বাত্মক বিধিনিষেধ’ চলাকালীন জরুরি প্রয়োজনে চলাচলের জন্য ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ। গত বছর এমন একটি উদ্যোগ নেওয়া হলেও তা তেমন কার্যকর হয়নি। এবার পুলিশ বিষয়টি বাস্তবায়ন করতে একটি বিশেষ অ্যাপ চালু করবে। এ অ্যাপের মাধ্যমেই ‘মুভমেন্ট পাস’ পাবেন নাগরিকরা। তবে অবশ্যই জরুরি প্রয়োজন হতে হবে।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার এআইজি সোহেল রানা জানিয়েছেন, জরুরি পাসের অ্যাপটি আজ মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ উদ্বোধন করবেন।

‘মুভমেন্ট পাস’ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়াবসবহঃঢ়ধংং.ঢ়ড়ষরপব.মড়া.নফ এই লিংকে গিয়ে ওষুধ, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন, চাকরিসহ ১৪টি ক্যাটাগরিতে এই পাস নেওয়া যাবে। প্রয়োজনীয় তথ্য প্রদানের পর শর্তসাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দেওয়া হবে। প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে। একটি পাস একবার ব্যবহারযোগ্য। যাওয়া এবং আসার জন্য দুটি আলাদা পাসের আবেদন করতে হবে। মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে হলে নাম, মোবাইল নম্বর, যাত্রা শুরুর স্থান, গন্তব্য, আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যাত্রার কারণ ইত্যাদি তথ্য পূরণ করার পর পুলিশ অনলাইনে একটি পাস ইস্যু করবে। অনলাইনে ইস্যু করা পাসটিতে যাতায়াতের যাবতীয় তথ্য থাকবে। একই সঙ্গে একটি কিউআর কোড থাকবে, যা স্ক্যান করে বিভিন্ন চেকপোস্টে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা সহজেই অনুমতিপ্রাপ্ত ব্যক্তির যাতায়াত নিশ্চিত করতে পারবেন।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, যাদের জরুরি ভিত্তিতে বাইরে যাওয়া প্রয়োজন হবে, বিশেষ করে যারা ঢাকার বাইরে যেতে চাইবেন, তাদের ‘মুভমেন্ট পাস অ্যাপ’-এর মাধ্যমে পুলিশের কাছে আবেদন করতে হবে।  ঢাকার ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই পাসটি ব্যবহার করা যাবে। পুলিশ সদর দপ্তরের আইসিটি উইংয়ের সমন্বয় করবে। জরুরি পণ্য পরিবহন,  সেবাদানসহ ব্যবসায়ী ও চাকরিজীবীদের যাচাই-বাছাই করে দেওয়া হবে এই পাস।

তিনি আরও বলেন, মুদি দোকানে কেনাকাটা, কাঁচাবাজার, ওষুধপত্র, চিকিৎসা, চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি বা খুচরা ক্রয়, পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে দেওয়া হবে এই পাস। যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরিতেই পড়েন না তাদের ‘অন্যান্য’ ক্যাটাগরিতে পাস দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে। সড়কে কোথাও চলাচলের কারণে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে এ পাস দেখালেই তার পরিচয় নিশ্চিত হয়ে যেতে  দেওয়া হবে। কোনো ব্যক্তির বাবা-মা বা পরিবারের কেউ যদি অন্য  জেলায় মারা যান, তবে তিনি অ্যাপের মাধ্যমে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে পাসের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যৌক্তিক হলে তিনি পাস পাবেন।