করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে ফৌজদারি মামলার আসামিকে কারাগারে রেখে ভার্চুয়ালি সংশ্লিষ্ট বিচারক রিমান্ড শুনানি করতে পারবেন। এ ছাড়া হাজতি আসামিদের আদালত কক্ষে হাজির না করে কারাগারে রেখেই জামিন শুনানি করা যাবে। গতকাল সোমবার প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। এতে মামলার শুনানিকালে বা অন্যান্য কার্যক্রমে আসামিদের কারাগার থেকে প্রিজন ভ্যান বা অন্য কোনোভাবে কারাগার থেকে আদালত কক্ষে হাজির না করতে নির্দেশ দেওয়া হয়।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী নির্দেশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে কারাগার থেকে হাজতি আসামিদের আদালতে হাজির করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতিতে জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে হাজতি আসামিদের কারাগার থেকে প্রিজন ভ্যান বা অন্য কোনোভাবে আদালত কক্ষে হাজির না করে কারাগারে রেখেই জামিন শুনানি করতে হবে।
এতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে হাজতি আসামিদের কারাগার থেকে প্রিজন ভ্যান বা অন্য কোনোভাবে আদালত কক্ষে হাজির না করার নির্দেশ প্রদান করা হলো। অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনে মামলার কার্যক্রম মুলতবি করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘হাজতি আসামির রিমান্ড শুনানির ক্ষেত্রে সংশ্লিষ্ট কারাগারে ভিডিও কনফারেন্সের লিংক প্রেরণ করে শুনানি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আসামিকে কারাগার কর্র্তৃপক্ষের সহযোগিতায় ভার্চুয়ালি দেখে রিমান্ড শুনানি করতে পারবেন।’
করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে মানুষের চলাচলে সরকার ঘোষিত বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে গত ৫ এপ্রিল থেকে বন্ধ রয়েছে বিচারিক আদালতের নিয়মিত কার্যক্রম। এ পরিস্থিতিতে গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে ১২ এপ্রিল (গতকাল) থেকে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও জরুরি ফৌজদারি দরখাস্ত নিষ্পত্তির নির্দেশ দেয়।