ফ্যাক্ট চেক: বিল গেটস কি টেলিগ্রাম কিনেছেন?

পৃথিবীর এক সময়ের শীর্ষ ধনী বিল গেটস টেলিগ্রাম মেসেজিং অ্যাপ কিনেছেন বলে কয়েক দিন ধরে একটি ফেইসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু আসল ঘটনা হল, কেনা তো দূরের কথা গেটস অ্যাপটি নিয়ে আগ্রহও কখনো প্রকাশ করেননি।

টেলিগ্রাম এবং গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে খবরটিকে গুজব বলে নিশ্চিত করা হয়েছে।

এএফপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, যে পোস্টটি ভাইরাল হয়েছে, সেখানে এডিটেড স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে।

৫ এপ্রিল থেকে পোস্টটি ভাইরাল হতে থাকে।

ফক্স নিউজের একটি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে ওই পোস্টে বলা হয়, ৬০০ মিলিয়ন ডলারে বিল গেটস টেলিগ্রাম কিনে নিয়েছেন।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর টেলিগ্রাম ডাউনলোডের হিড়িক পড়ে। অ্যাপটির দাবি, তাদের এনক্রিপ্টেড ফিচার অনেক শক্তিশালী।

এএফপি জানিয়েছে, ফক্স নিউজের অন্য একটি খবরের স্ক্রিনশট এডিট করে বিল গেটসের টেলিগ্রাম কেনার খবর ছড়ানো হয়েছে।