পিবিআই’র প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার: বাবুনগরী

আহমদ শফীর মৃত্যুকে অস্বাভাবিক আখ্যায়িত করে আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদনকে 'উদ্দেশ্যপ্রণোদিত' ও 'ডাহা মিথ্যা' বলে দাবি করেছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। 

তিনি গ্রহণযোগ্য পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।  

মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে হেফাজত আমির বলেন, আল্লামা আহমদ শফীর মৃত্যু নিয়ে পিবিআই’র ডিআইজি বনজ কুমার মজুমদার যে প্রতিবেদন দাখিল করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বাস্তবতা বিবর্জিত। আমরা মনে করি, বনজ কুমার মজুমদারের নেতৃত্বে তদন্তের ফলাফল এমনই হওয়ার কথা। আমরা এ উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রত্যাহারপূর্বক দেশবাসীর কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।  

জুনায়েদ বাবুনগরী বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না এরপরও নতুন করে আমাকেসহ আরো বারোজনকে হয়রানিমূলক অন্তর্ভূক্ত করে প্রতিবেদন দেওয়া হয়েছে। এ মামলা ডাহা মিথ্যা ও হয়রানিমূলক। এর কোনো বাস্তবতা নেই। চট্টগ্রাম মেডিকেলের ছাড়পত্র ও ঢাকা আজগর আলী হসপাতালের ডেথ সার্টিফিকেটসহ নির্ভরযোগ্য তথ্য-প্রমাণের আলোকে দেশ-বিদেশের সবার কাছে প্রমাণিত হয়েছে, শাহ আহমদ শফীর মৃত্যু আল্লাহ তায়া’লার হুকুমে স্বাভাবিক ছিল। তিনি অনেকদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রোগ বেড়ে যাওয়ায় একাধিকবার তাকে হাসপাতালে নেয়া হয়। সর্বশেষ আল্লাহ ইচ্ছায় তিনি মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তিকাল করেছেন। 

বাবুনগরী বলেন, আহমদ শফীর মৃত্যুর পর তার জ্যৈষ্ঠপুত্র মাওলানা ইউসুফ ব্যাখ্যামূলক বিবৃতির মাধ্যমে বাস্তব সত্য মিডিয়ার সামনে তুলে ধরেছেন। তার বাবার মৃত্যু স্বাভাবিক হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন। এরপরও  আহমদ শফীর মৃত্যুর প্রায় দুই মাস পর দেশের শীর্ষ ওলামায়ে কেরামের নামে মামলা দায়ের হওয়ায় বোঝা যায় এই মামলা কতটা হাস্যকর ও ভিত্তিহীন।