১৭০ বছরের ইতিহাসে প্রথম নারী প্রধান সম্পাদক পেতে যাচ্ছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। সংবাদ সংস্থাটির গ্লোবাল এডিটর আলেসান্দ্রা গ্যালোনি বর্তমান প্রধান সম্পাদক স্টিফেন জে. অ্যাডলারের স্থলাভিষিক্ত হবেন। আগামী সোমবার থেকে গ্যালোনি এই দায়িত্ব নিতে যাচ্ছেন বলে গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
প্রায় এক দশক ধরে রয়টার্সের বার্তাকক্ষকে নেতৃত্ব দেওয়ার পর চলতি মাসেই অবসরে যাচ্ছেন অ্যাডলার। তার নেতৃত্বকালে রয়টার্স কয়েকশ পুরস্কার পায়। এর মধ্যে আছে সাতবার সাংবাদিকতার সর্বোচ্চ সম্মান পুলিৎজারও।
রয়টার্স জানাচ্ছে, ৪৭ বছর বয়সী গ্যালোনি রোমের অধিবাসী। তিনি চারটি ভাষা জানেন। রয়টার্সের হয়ে ব্যবসা-বাণিজ্য ও রাজনৈতিক সংবাদ কভারের ক্ষেত্রে তার অভিজ্ঞতার ভা-ার সমৃদ্ধ। রয়টার্সের আগে তিনি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় কাজ করেন।
প্রধান সম্পাদক হিসেবে নিয়োগের বিষয়ে রয়টার্সের ঘোষণায় গ্যালোনি বলেছেন, ১৭০ বছর ধরে রয়টার্স স্বাধীন, বিশ্বস্ত ও বিশ্বব্যাপী রিপোর্টিংয়ের মান নির্ধারণ করেছে। প্রতিভাবান, নিবেদিত ও অনুপ্রেরণাদায়ী সাংবাদিকে ভরা বিশ্বমানের একটি নিউজ রুমের নেতৃত্ব দেওয়া তার জন্য একটি সম্মানের বিষয়।
গ্যালোনি তার সহকর্মীদের বলেছেন, তার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে রয়টার্সের সবচেয়ে বড় গ্রাহক রিফাইনিটিভের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা। তিনি বলেছেন, তার অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে রয়টার্স ডিজিটালকে সমৃদ্ধ করা এবং ব্যবসার বিষয়গুলোকে আরও উৎসাহিত করা।
প্রধান সম্পাদকের চেয়ারে বসার পর তাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এর মধ্যে কিছু চ্যালেঞ্জ বর্তমান বাস্তবতায় সব গণমাধ্যমকেই মোকাবিলা করতে হচ্ছে; এর বাইরে বিস্তৃত ও জটিল সাংগঠনিক কাঠামো পরিচালনার ভার তো থাকছেই। বিশ্বজুড়ে প্রায় আড়াই হাজার সাংবাদিক রয়টার্সে কর্মরত; নানামতের গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি এটি থমসন-রয়টার্সের বিস্তৃত তথ্য-সেবা ব্যবসার একটি শাখাও। হার্ভার্ড ইউনিভার্সিটি ও লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে উচ্চতর ডিগ্রি নেওয়া গ্যালোনি সেই চ্যালেঞ্জ কতটুকু মোকাবিলা করতে পারেন তাই দেখার বিষয়।