স্বাস্থ্যবিধি, লকডাউন না মানলে গ্রেপ্তার: এসপি জায়েদুল

নারায়ণগঞ্জ  জেলা পুলিশ  সুপার  মোহাম্মদ  জায়েদুল আলম বলেছেন,  স্বাস্থ্যবিধি না মেনে ও লকডাউন মেনে না চললে আইন ভঙ্গকারীকে আইনের আওতায় আনা হবে। কোন ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার করা হবে।  

বুধবার সাড়ে  ১১ টায় চাষাঢ়া গোল চত্তরে পূর্ব  ঘোষিত এক প্রেস ব্রিফিং এ তিনি  এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ট্রাফিক  এডমিন কামরুল  হাছানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

তিনি বলেন, কেউ জরুরি প্রয়োজনে বের হলে প্রয়োজনটা লকডাউন আইন সিদ্ধ কিনা তা যাচাই বাছাই করা হবে। রোগীদের ব্যাপারে বিশেষ ছাড় রয়েছে। তবে যাচাই ছাড়া নয়।

তিনি আরো জানান, শহরের প্রবেশদ্বার ও বিভিন্ন  গুরুত্বপূর্ণ  পয়েন্টে পুলিশের ৩০ টি মোবাইল টীম কাজ করছে, শহরে লকডাউন পাশাপাশি পাড়া মহল্লার  জটলাও নিয়ন্ত্রণ  করা হবে। শহরতলীতেও লকডাউন মানতে মোবাইল টীম যাবে। 

মুভমেন্ট পাস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে  তিনি বলেন, এটা কেন্দ্রীয়ভাবে দেওয়া হচ্ছে।