শ্রীলঙ্কা সফররত বাংলাদেশ টেস্ট দলের তিন দিনের রুম কোয়ারেন্টাইন পর্ব শেষ হচ্ছে বুধবার। বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা।
বাংলাদেশ দল নিগোম্বোর জেট উইং ব্লু হোটেলে কোয়ারেন্টাইনে আছে। বুধবার পর্যন্ত কেউ রুম থেকে বের হওয়ার সুযোগ পায়নি। বৃহস্পতিবার ও শুক্রবার- এই দুই দিন হবে ‘কোয়ানেন্টাইন অনুশীলন’। অর্থাৎ কোয়ারেন্টাইনের মধ্যে থেকেই অনুশীলন করতে হবে। এরপর রয়েছে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সোমবার বিকেলে শ্রীলঙ্কা পৌঁছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ। সেখানে পৌঁছেই করোনা পরীক্ষার নমুনা দিয়ে ক্রিকেটার, কোচিং স্টাফ, ম্যানেজমেন্টের সবাইকে ঢুকে পড়তে হয় তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে।
দল সূত্রে জানা যায়, প্রথম পরীক্ষায় সবারই নেগেটিভ রিপোর্ট আসে। বুধবার দ্বিতীয়বার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে সবার।
দুই দিনের ‘কোয়ারেন্টাইন অনুশীলন’র পর ১৭-১৮ এপ্রিল কাতুনায়েকে ভেন্যুতে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর সিরিজের ভেন্যু ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দিন অনুশীলনের সুযোগ পাবে সফরকারীরা।
প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল। দুটি ম্যাচই হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে।