বাজে পোস্টের বিরুদ্ধে ফেইসবুকের ‘সুপ্রিম কোর্টে’ আবেদনের সুযোগ

ফেইসবুকের সর্বময় ক্ষমতার অধিকারী তথা তদারকি বোর্ডের কাছে বাজে পোস্ট সরাতে এখন থেকে সাধারণ ব্যবহারকারীরা আবেদন করতে পারবেন।

গত বছর মে মাসে একজন সাবেক প্রধানমন্ত্রী এবং শান্তিতে নোবেলজয়ীসহ মোট ২০ জনকে নিয়ে গঠিত হয় এই বোর্ড। কনটেন্ট বিষয়ে ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জাকারবার্গের সিদ্ধান্তও বাতিলের ক্ষমতা আছে বোর্ডটির। তাই একে ফেইসবুকের সুপ্রিম কোর্ট বলা হয়।

মডারেটররা পোস্ট ডিলিটের পর ব্যবহারকারীরা সেটি রিস্টোর করতে প্রথম ছয় মাসে এই তদারকি বোর্ডের কাছে আবেদনের সুযোগ পায়। এখন যেসব পোস্ট মডারেটররা ফেলে রাখবেন, তার বিরুদ্ধেও আবেদন করা যাবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ফেইসবুক রিভিউ করার পর যেসব পোস্ট অনলাইনে থেকে যাবে, তার বিরুদ্ধেই আবেদন করা যাবে।

গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ফেইসবুকে নিষিদ্ধ হওয়ার পর তদারকি বোর্ডের কাছে রিভিউয়ের আবেদন যায়। সেটি এখনো খতিয়ে দেখা হচ্ছে। কবে নাগাদ রায় আসবে, সেটি নির্দিষ্ট নয়।

ব্যবহারকারীদের প্রাইভেসি রক্ষা করতে না পারা এবং বিতর্কিত পোস্ট দ্রুত না সরানোয় গত কয়েক বছরে বিভিন্ন দেশে বড় অঙ্কের জরিমানা দিতে হয়েছে ফেইসবুককে। এরপর জাকারবার্গের সর্বময় ক্ষমতা নিয়েও প্রতিষ্ঠানটিতে আলোচনা শুরু হয়। তখন মার্কিন প্রশাসন থেকে ফেইসবুককে তদারকি বোর্ড গঠনের চাপ দেয়া হয়।