গত রবিবার বিকেলের কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকরিয়াবেড়া ও দৌলতপুর ইউনিয়নের ১৫ হাজার ১৭৬ জন কৃষকের ১ হাজার ২২৩ হেক্টর জমির ইরি-বোরো ধানের ক্ষতি হয়েছে। এ ছাড়া এ ঝড়ে ৬৯.৫ হেক্টর জমির সবজি, ১০.৩ হেক্টর জমির পাট ও ২.৫ হেক্টর জমির তিলের ক্ষতি হয়েছে। এ ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলে বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বেলকুচি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল বলেন, কৃষকদের এ ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠিয়েছি।