বিশ্বে সপ্তাহ ব্যবধানে শনাক্ত বেড়েছে ১৯ শতাংশ

মহামারী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪ কোটির মাইলফলক। এই দিনে মৃত্যুর সংখ্যাও ৩০ লাখের ঘরে পৌঁছে গেছে। এর মধ্যে গত এক সপ্তাহেই শনাক্ত হয়েছে অন্তত ৫১ লাখ ৬৫ হাজার বেশি রোগী। আর মৃত্যু হয়েছে ৮১ হাজারের বেশি। এর আগের সপ্তাহের সঙ্গে তুলনামূলক বিচারে বিশ্বজুড়ে শনাক্ত বেড়েছে ১৯ শতাংশ আর মৃত্যু ১৩ শতাংশ। এই সময়ে আরোগ্যের হারও বেড়েছে ১৩ শতাংশ। 

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারসের পরিসংখ্যান বলছে, আলোচ্য সপ্তাহে যে ৫১ লাখ রোগী শনাক্ত হয়েছে তার বেশিরভাগই শনাক্ত হয়েছে ভারতে। দেশটিতে এই সময়ে ১২ লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে, যা সেখানে আগের সপ্তাহে শনাক্ত হওয়া রোগীর চাইতে ৬৩ শতাংশ বেশি। দেশটিতে এই সময়ে মৃত্যুর হারও বেড়েছে অন্তত ৫৩ শতাংশ। 

এদিকে ওয়ার্ল্ডমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৭৮ হাজার ৯৯৩ জনের প্রাণ নিয়েছে এই মহামারী। এ ছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২২ লাখ ২৪ হাজার ১৩৯ জনের। আর সুস্থ হয়েছে ২ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ৯৮০ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যে করোনায় সবচেয়ে বিপর্যস্ত অবস্থা দেশটির। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৭৪০ জন। মারা গেছে ১ লাখ ৭৪ হাজার ৩৩৫ জন। আর সুস্থ হয়েছে ১ কোটি ২৫ লাখ ৪৩ হাজার ৯৭৮ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৯৩ জন। তাদের মধ্যে মারা গেছে ৩ লাখ ৬৫ হাজার ৯৫৪ জন। আর সুস্থ হয়েছে ১ কোটি ২২ লাখ ৩৬ হাজার ২৯৫ জন।

করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ৫১ লাখ ৮৭ হাজার ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ১ লাখ ৭৩ জন। আর সুস্থ হয়েছে ৪ লাখ ৮ হাজার ৩৫ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২ লাখ ১১ হাজার ২১৩ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ২২ লাখ ৯৫ হাজার ৪৩৫ জন।