ফেইসবুক লাইভে কাদের মির্জা

ওবায়দুল কাদেরকে এলাকায় ঢুকতে না দেওয়ার ঘোষণা

বড় ভাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের মাটিতে আসতে দেবেন না বলে জানিয়েছেন ছোট ভাই আবদুল কাদের মির্জা। গতকাল শুক্রবার বিকেলে ফেইসবুক লাইভে দেওয়া বক্তৃতায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এ ঘোষণা দেন।

ফেইসবুক লাইভে কাদের মির্জা বলেন, ‘আজকে আমার বিরুদ্ধে পুলিশ, প্রশাসন লেলিয়ে দিয়েছে, এটা কিসের ইঙ্গিত বহন করে? আমি জানতে চাই। আপনি যতই ষড়যন্ত্র করেন ওবায়দুল কাদের সাহেব, আমার মুখ বন্ধ করতে পারবেন না। গ্রেপ্তার করে গুলি করে মেরে ফেলবেন? এই চোরা, দুর্নীতিবাজ ডিসি, এসপি, ইউএনও, ওসিকে দিয়ে কী করবেন? পিটাইবেন, মারি পালাইবেন? পালান।’

কাদের মির্জা অভিযোগ করে বলেন, ‘ওবায়দুল কাদের প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তার স্ত্রীকে বাঁচানোর জন্য ব্যস্ত। তার দুর্নীতিবাজ স্ত্রী বাঁচতে পারবেন না। কোনো সুযোগ নেই। আজকে গরিব কর্মীরা দুই বেলা খেতে পারেন না। তাদের জেলে যেতে হয়। ওসি তাদের এখানে এনে মারধর করেন। একরাম-নিজামের সন্ত্রাসীরা ও ইশারাতুন্নেসা কাদেরের সন্ত্রাসীরা আজকে সব করছে।’

কোম্পানীগঞ্জে ঢুকতে না দেওয়ার হুমকি দিয়ে ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে কাদের মির্জা বলেন, ‘আপনার অস্তিত্ব এই কোম্পানীগঞ্জের মানুষ একদিন শেষ করে ফেলবে। আপনাকেও ছেড়ে দেবে না। কোম্পানীগঞ্জের মাটিতে এটার সমাধান যদি না হয়, আপনি আসতে পারবেন না। প্রয়োজনে আমার রক্ত ঝরবে। আমার পরিবারের সদস্যদের রক্ত ঝরবে। আপনাকে কোম্পানীগঞ্জের মাটিতে আর আসতে দেব না।’

তিনি আরও বলেন, ‘তুমি জেলে দেবে, হত্যা করবে? তোমাকে আমরা ভয় করি না। তোমার খাইও না, পরিও না। তোমার কারণে আমার একটা ভাই ফাঁস নিয়ে মারা গেছে। আজ তোমার স্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তোমার শ্বশুরপক্ষের লোকজন হাজার কোটি টাকার মালিক হয়েছে।’