সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে চলে গেলেন সাংবাদিক রিফাত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানা। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। সেদিন সকালেই তার একটি কন্যাসন্তান জন্ম নেয়। নবজাতককে ‘আশঙ্কাজনক’ অবস্থায় অন্য একটি বেসরকারি হাসপাতালের ইনকিউবেটরে রাখা হয়েছে।

টিভির প্রযোজক মাজহারুল মাসুম দেশ রূপান্তরকে বলেন, ‘বিকেলে তার মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। এটি একেবারেই অনাকাক্সিক্ষত ঘটনা। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। সকালে তার সন্তানের জন্ম হয়েছে।’

তিনি জানান, রিফাতের স্বামীও চাকরি করেন একাত্তর টিভিতে। তিনিও করোনায় আক্রান্ত হয়ে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রিফাতের শ্বশুর-শাশুড়িও করোনা আক্রান্ত ছিলেন। তারা চিকিৎসা নিয়ে করোনা নেগেটিভ হওয়ার পর আপাতত বাসায় আছেন। এর মধ্যে ১০ দিন আগে করোনা শনাক্ত হয় রিফাতের।

রিফাতের সহকর্মী ও বন্ধু তারেক হাসান ফেইসবুকে এক পোস্টে জানিয়েছেন, রিফাতের যমজ দুটো ছেলে রয়েছে। তাদের বয়স প্রায় দুই বছর। গতকাল সকালে ইমপালস হাসপাতালে রিফাতের কন্যাসন্তানের জন্ম হয়েছে। নবজাতকের অবস্থাও ভালো নয়। তাকে এভারকেয়ার হাসপাতালে ইনকিউবেটরে রাখা হয়েছে।

একাত্তর টেলিভিশনের ফেইসবুক পেইজে তাদের কর্মীর মৃত্যুর খবরটি জানিয়ে শোকপ্রকাশ করা হয়েছে।