তেলে শুল্ক কমানোর প্রভাব পড়বে আগামী মাসে

তেলে আরোপিত শুল্ক কমানোর প্রভাব বাজারে আগামী মাস থেকে বেশি পড়বে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. জাফর উদ্দীন। গতকাল শনিবার রাজধানীর শান্তিনগর বাজার মনিটরিং শেষে তিনি এ কথা জানান। এরপর তিনি নিউমার্কেট কাঁচাবাজার, মোহাম্মদপুর টাউনহল ও টিসিবির ট্রাক সেল কার্যক্রম পরিদর্শন করেন। বাণিজ্য সচিব বলেন, তেলের ওপর শুল্ক এই মাসে কমানো হয়েছে। স্বাভাবিকভাবে এটির প্রভাব মূলত আরোপ করার পরের মাসে পাওয়া যায়। এর প্রভাব তো বাজারে পড়বেই। ব্যবসায়ীরাও ভাবছে তেল আমদানিতে দাম কমে গেছে, কাজেই প্রভাব ধীরে ধীরে পড়ছে। আগামী মাসে হয়তো বেশি পড়বে। তিনি বলেন, আমরা তেলের দামের বিষয়টিতে খেয়াল রাখছি। দাম বাড়ার বিষয়ে আমাদের টিমকে বলেছি মার্কেট ইন্টেলিজেন্স স্টাডি করার জন্য। তারা দেখছে যে এটি কি কারসাজির জন্য হচ্ছে, নাকি নরমাল চাহিদা ও জোগানের কারণে হচ্ছে। এর সুফল শিগগিরই ভোক্তারা পাবেন।