মহীসোপান নিয়ে বাংলাদেশের দাবিতে ভারতের আপত্তি

বঙ্গোপসাগরে বাংলাদেশের মহীসোপানের দাবির বিষয়ে জাতিসংঘে আপত্তি তুলেছে ভারত। গত শুক্রবার জাতিসংঘের মহীসোপান নির্ধারণসংক্রান্ত কমিশনে (সিএলসিএস) এ আপত্তি জানিয়েছে তারা। ভারত বলেছে, মহীসোপানের যতটুকু অংশ বাংলাদেশ দাবি করছে সেখানে তাদের অংশও

রয়েছে। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গতকাল শনিবার সাংবাদিকদের বলেন, এটা একটা চলমান প্রক্রিয়া। বাংলাদেশ একটা আবেদন করেছে, ভারত আপত্তি দিয়েছে। আবার বাংলাদেশ তার জবাব দেবে। এভাবেই একটি ইস্যুর নিষ্পত্তি হয়। এটাকে বড় করে দেখার কিছু নেই।

২০১১ সালে মহীসোপানে ন্যায্য প্রাপ্য দাবি করে জাতিসংঘে আবেদন জানায় বাংলাদেশ। গত বছরের অক্টোবরে ওই দাবির বিষয়ে সংশোধনী জমা দেয় ঢাকা। গত শুক্রবার জাতিসংঘের সিএলসিএস ওয়েবসাইটে প্রকাশিত ভারতের আপত্তিপত্রে বলা হয়েছে, বাংলাদেশ ভূখণ্ডের যে বেসলাইনের ওপর ভিত্তি করে মহীসোপান নির্ধারণ করেছে, সেখানে ভারতের একটি অংশও রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের ‘গ্রে এরিয়া’র বিষয়ে বাংলাদেশ কোনো তথ্য দেয়নি।

‘গ্রে এরিয়া’ হচ্ছে বঙ্গোপসাগরে প্রায় ৯০০ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত একটি অংশ, যেখানে পানির উপরিভাগের সম্পদের মালিক ভারত; কিন্তু ওই অংশে সমুদ্রগর্ভস্থ মাটির নিচের খনিজসম্পদের মালিক বাংলাদেশ।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের দাবির বিষয়ে পর্যবেক্ষণ দিলেও কোনো আপত্তি দেয়নি মিয়ানমার। দুই প্রতিবেশীর আপত্তি আর পর্যবেক্ষণে মহীসোপানে বাংলাদেশের নায্য প্রাপ্য দাবির বিষয়টির নিষ্পত্তি হয়নি।