ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থগিত হওয়া নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বর্তমান চেয়ারম্যান-মেম্বাররাই সরকারি ত্রাণ কার্যক্রম বিতরণসহ অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। এছাড়া মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম এবং প্রকল্পের অগ্রগতি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরিদর্শন করতে পরিচালক, উপপরিচালক এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের নির্দেশনা দেন তিনি।
গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চলমান কভিড সংক্রমণ প্রতিরোধ এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে ধারাবাহিক ভার্চুয়াল মতবিনিময় সভার অংশ হিসেবে সব পরিচালক ও উপপরিচালক, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, চলমান করোনা সংক্রমণ প্রকট আকার ধারণ করায় নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে। স্থগিত হওয়া নির্বাচনী এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সরকারের ত্রাণ কার্যক্রমসহ অন্যান্য কাজ বর্তমান চেয়ারম্যান-মেম্বাররা চালিয়ে যাবেন।
তাজুল ইসলাম বলেন, করোনা মহামারীতেও চলমান উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে প্রকল্পের কাজ চলছে কি না অথবা কাজের অগ্রগতি কেমন তা সশরীরে পরিদর্শন না করে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরিদর্শন করার নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানে অনেক সরকারি বরাদ্দ দেওয়া হচ্ছে। এসব বরাদ্দ ঠিকমতো বাস্তবায়ন অথবা সঠিকভাবে ব্যয় করা হচ্ছে কি না তা তদারকি করতে হবে।
এ সময় জেলা পর্যায়ে কর্মরত উপপরিচালক-ডিডিএলজি পদে জনবল সংকট থাকায় এ সংকট দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় চালানো তাণ্ডব প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, সেখানকার জেলা পরিষদ, পৌরসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক সহযোগিতা করা হবে।
সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন ইউনিট), অতিরিক্ত সচিব এবং সব বিভাগের পরিচালক এবং জেলায় কর্মরত উপপরিচালক, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা অংশ নেন।