তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মুজিবনগর সরকারের অধীনে মাসে ৪০০ টাকার চাকুরে জিয়াউর রহমানের বিএনপি আজ ইতিহাসকে অস্বীকার করতে চায়। গতকাল শনিবার সকালে মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি র ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘আজ বাংলাদেশের প্রথম সরকার গঠনের সুবর্ণজয়ন্তী। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে সরকার গঠিত হয়েছিল। এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। যুদ্ধের সেক্টর কমান্ডারসহ অন্যরা এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। দুঃখজনক হলেও সত্য, এইঐতিহাসিক মুজিবনগর দিবসটি বিএনপি পালন করে না।’
তিনি আরও বলেন, বিএনপি অনেক কিছুই পালন করে না। তারা বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে না, ৭ মার্চ পালন করে না, মুজিবনগর দিবসও পালন করে না। এতে এটাই প্রমাণিত হয় যে তারা ইতিহাসকে অস্বীকার করতে চায়। কিন্তু ইতিহাস হচ্ছে, জিয়াউর রহমান এই সরকারের অধীনেই ৪০০ টাকা বেতনে চাকরি করতেন এবং আজকে স্বাধীনতাবিরোধী অপশক্তি, সাম্প্রদায়িক গোষ্ঠী যারা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের মূল পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি।