ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

ফেনী শহরে গিয়ে বন্ধুদের সাথে বসে ইফতার করবেন। সেজন্য মোটরসাইকেল নিয়ে রওনা হন দুই বন্ধু। পথে ফেনী-পরশুরাম সড়কের কাজিরবাগ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে সাইফুল ইসলাম নামের এক বন্ধুর মৃত্যু হয়।

নিহত সাইফুল ফুলগাজী সদর ইউনিয়নের কিসমত ঘনিয়ামোড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যার দিকে ফুলগাজী সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম তার এক বন্ধু মাসুমসহ অপর বন্ধুদের সাথে ইফতার করা ও প্রয়োজনীয় কাজে ফেনীর দিকে আসছিলেন

 এ সময় কাজির বাগ মজিদ মিয়ার ব্রিকস ফিল্ডের সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সাইফুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।