রূপগঞ্জে বন্ধুকে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গলা কেটে ও ছুরিকাঘাতে হত্যা করা যুবকের পরিচয় উদঘাটন করেছে পুলিশ। বাড়িতে দাওয়াত করে এনে পাওনা টাকা আদায় সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করে তারই বন্ধু। গত ১ এপ্রিল পুলিশ উপজেলার তারাবো পৌরসভার ঐরাবো এলাকা থেকে সালেহ আহমেদ (২৫) নামে ওই যুবকের লাশ উদ্ধার করে।

পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর ধানম-ি এলাকা  থেকে নিহত সালেহ আহমেদের বন্ধু ইমরানকে (২৬) গত শনিবার আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে ইমরান স্বীকার করে গত ৩১ মার্চ রাত ১২টার দিকে ইমরান তার বন্ধু সালেহ আহমেদকে ঘটনাস্থলে নিয়ে ছুরিকাঘাত করে আহত করার পর গলা কেটে মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনার পর থেকেই বিভিন্ন জায়গায় পলাতক ছিল সে।

রূপগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন জানান, গত ১ এপ্রিল সিলেটের জালালাবাদ থানার নন্দীরগাঁও এলাকার আলাউদ্দিনের ছেলে সালেহ আহমেদের গলা কাটা ও ছুরিকাঘাত করা লাশ ঐরাবো এলাকার জমি থেকে উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ রূপগঞ্জ থানায় হত্যা মামলা করে।