দলের করণীয় নিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বৈঠক

দেশের বিরাজমান পরিস্থিতি ও দলের করণীয় নিয়ে দ্বিতীয় দফায় ভার্চুয়াল বৈঠক করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। গতকাল রবিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও উপদেষ্টা কাউন্সিলের ১৩ সদস্য এই বৈঠকে অংশ নেন। ভার্চুয়াল এই বৈঠকে দেশে বর্তমান পরিস্থিতির পর্যালোচনা ও দলের করণীয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে অংশ নেওয়া এক নেতা দেশ রূপান্তরকে বলেন, ‘বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় কী তা জানতে চান। নেতারা তাদের নিজ নিজ চিন্তাভাবনা তুলে ধরেন। তারেক রহমান তাদের ভাবনার সারসংক্ষেপের নোট নেন।’

ওই নেতা বলেন, ‘বৈঠকে সরকারবিরোধী আন্দোলন জোরদারের পথ খোঁজার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। আন্দোলন বেগবান করতে জাতীয় ঐক্য করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন নেতারা। এ জন্য দলমত নির্বিশেষ সব দলকে এক কাতারে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও সরকারের নানা ব্যর্থতা আরও বেশি করে জনগণের কাছে পৌঁছানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে ওই নেতা জানান, দেশ ও বিদেশে কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় করার বিষয়টিও উঠে এসেছে আলোচনায়। 

২০১৮ সালের একাদশ নির্বাচনের পর এই প্রথম দেশের সার্বিক পরিস্থিতি জানতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্ব ধারাবাহিক এই বৈঠকের আয়োজন করেছে। গত শুক্রবার প্রথম দফায় বৈঠক করেন জ্যেষ্ঠ নেতারা। নয়াপল্টনের কেন্দ্রীয় দপ্তর থেকে ধারাবাহিক বৈঠকের সূচি লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।