হেফাজতের তিন কেন্দ্রীয় নেতা রিমান্ডে

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে দুই মামলায় ১৪ দিন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সভাপতি জুনায়েদ আল হাবিব এবং সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান হেফাজতে ইসলামের এই তিন নেতার রিমান্ডের এ আদেশ দেন।

এদের মধ্যে আজিজুল হক ইসলামাবাদীকে ১২ এপ্রিল ২০১৩ সালের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাত দিনের রিমান্ড নিয়েছিল পুলিশ। সেই রিমান্ড শেষে পল্টন থানার আরও দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত দুই মামলায় সাত দিন করে ১৪ দিন রিমান্ড মঞ্জুর করে।

অন্যদিকে জুনায়েদ আল হাবিব ও মাওলানা জালালুদ্দীন আহমাদকেও ২০১৩ সালের এক মামলায় ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। তবে আসামির আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে এই দুই নেতার প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আদেশ দেয় একই আদালত।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের বিরোধিতা করে হেফাজতে ইসলাম। রাজধানীর বায়তুল মোকাররম এলাকাসহ চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচি পালন করে। কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় হেফাজত কর্মীদের। সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায়ও এই আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।