করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে চিকিৎসাধীন সংগীতশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আজ মঙ্গলবার তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী। তবে ফরিদা পারভীনের করোনা পরীক্ষার রেজাল্ট এখনো পজিটিভ রয়েছে।
গতকাল সোমবার রাত ৯টায় আশীষ চক্রবর্তী বলেন, ‘ফরিদা পারভীন এখন অনেকটাই সুস্থ। করোনার কোনো উপসর্গ এখন আর তার মধ্যে নেই। যদিও রবিবার আমরা সবশেষ করোনার নমুনা পরীক্ষা করিয়েছি, সেখানে রেজাল্ট নেগেটিভ আসেনি। তবে তার অক্সিজেন মাত্রা স্বাভাবিক আছে। এই অবস্থায় বাসায় থেকে আইসোলেশনে থাকবেন তিনি। আমরা আশা করছি আগামীকাল (মঙ্গলবার) তিনি বাসায় ফিরে যাবেন। বাসায় কিছুদিন থাকার পর আবার করোনার নমুনা পরীক্ষা করানো হবে।’
গত ৮ এপ্রিল ফরিদা পারভীনের করোনা শনাক্ত হয়। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েক দিন বাসায় চিকিৎসা নিলেও গত সপ্তাহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানার শাওল গ্রামে জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন। জন্ম নাটোরে হলেও বড় হয়েছেন কুষ্টিয়ায়। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাইতে শুরু করেন। পরে ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। সাধক মোকসেদ আলী শাহর কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন।