হেফাজতের হরতাল চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সহিংসতার ঘটনায় নাশকতার মামলায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে গ্রেপ্তারের পর গতকাল সোমবার তাদের আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার তিনজনই নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি।
জানা গেছে, গত রবিবার রাত ১টার দিকে ফতুল্লা থানার তল্লা এলাকার নিজ বাড়ি থেকে মাওলানা মঈনুদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় একই সময়ে বিএনপি নেতা মো. ইসলাম ও জামায়াতে ইসলামীর সদস্য মো. জনিকেও পুলিশ গ্রেপ্তার করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী দেশ রূপান্তরকে জানান, মাওলানা মঈনুদ্দিন আহমেদসহ ৩ জনকে গ্রেপ্তারের পর রাতে সিদ্ধিরগঞ্জ থানায় রাখা হয়।
গত ২৮ মার্চ সারা দেশে হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে সংগঠনটির নেতাকর্মীরা নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড সানারপাড় ও চিটাগাং রোড সড়কে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সড়ক অবরোধ করে সহিংসতা চালায়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ১৩২ জনের নাম উল্লেখ করে ৮টি মামলা করা হয়। মামলায় পুলিশ এ পর্যন্ত শতাধিক লোককে গ্রেপ্তার করেছে।