জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারা দেশে আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তা করছে। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবন নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঈদের সময় ঘরমুখো মানুষের যাতায়াতের জন্য লকডাউন শিথিল হতে পারে। তিনি সবাইকে মানসিকভাবে প্রস্তুত ও ধৈর্য ধরার আহ্বান জানান।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, পরিবহন শ্রমিকসহ বেকার শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দলীয়ভাবে ভাসমান মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আগে রংপুর সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় তিনি বলেন, সামনে ঈদ ও বর্ষাকাল, চলমান লকডাউনে সড়ক ফাঁকা থাকায় এখনই সড়ক মেরামত করার উপযুক্ত সময়।
কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কৃষি ও কৃষকের কল্যাণে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে খাদ্য ঘাটতির বাংলাদেশকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষক ও কৃষাণী সমাজের পাশে থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কাজ করার জন্য কৃষকলীগের সব নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। তিনি গতবারের মতো এবারও কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।