কর্ণফুলীতে ১৯ হাজার ইয়াবাসহ কাভার্ডভ্যান চালক গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১৯ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক কাভার্ডভ্যান চালককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ শিকলবাহা ওয়াই জংশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি হলেন- কক্সবাজারের রামু উপজেলার উত্তর মিঠাছড়ি হাসপাতালপাড়ার ওবাইদুর রহমানের ছেলে শাফায়েত উল্লাহ (২৩)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো.আনোয়ার হোসেন ভুঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের শিকলবাহা ওয়াই জংশন এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়।

এ সময় চেকপোস্টের দিকে আসা একটি কাভার্ডভ্যানের গতিবিধি সন্দেহ হলে র‌্যাব সদস্যরা কাভার্ডভ্যানটি আটক করে।

পরে চালককে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে চালকের সিটের পেছনে ব্যাগের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৯ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৯ লাখ ১০ হাজার টাকা।

এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। কাভার্ডভ্যান ও ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।