স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিও করে অর্থ আদায়

চুয়াডাঙ্গা সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের পর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। শহরের মহিলা কলেজপাড়ার এ ঘটনায় গত সোমবার রাতে জোবায়ের হোসেন জীম (১৮) নামে ওই তরুণ ও তার পাঁচ সহযোগীকে আটক করে পুলিশ। এরপর ওইদিন রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেন ওই ভুক্তভোগী কিশোরীর বাবা। আটক হওয়া বাকি পাঁচজনের সবাই কিশোর। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রায় ৮ মাস আগে ফেইসবুকের মাধ্যমে শহরের সাদেক আলী মল্লিকপাড়ার স্কুলপড়–য়া ওই কিশোরীর সঙ্গে অভিযুক্ত জীমের বন্ধুত্ব গড়ে ওঠে। এ সম্পর্কের সূত্র ধরে গত ২৫ মার্চ জীমসহ আরও কয়েকজন ওই স্কুলছাত্রীকে মহিলা কলেজপাড়ার একটি বাড়িতে তুলে নিয়ে যায়। এরপর মেয়েটিকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে জীম। এ কাজে তাকে সহযোগিতা করে অভিযুক্ত ওই পাঁচ কিশোর। এরপর থেকেই ধারণকৃত সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেয়েটির পরিবারের কাছ থেকে নগদ ১৬ হাজার টাকা ও বেশ কিছু স্বর্ণালংকার আদায় করে ওই চক্রটি। সবশেষ গত সোমবার নতুন করে আবারও ২৫ হাজার টাকা দাবি করে অভিযুক্তরা। পরে কোনো উপায় না দেখে পুরো বিষয়টি তার পরিবারকে জানায় ওই স্কুলছাত্রী। 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ১৩ জনকে আসামি করে একটি মামলা করেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে আরও তিন জেলায় বাকপ্রতিবন্ধী এক শিশুসহ তিন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে গাজীপুরে এক নারী পোশাক শ্রমিক, জয়পুরহাটে এক গৃহবধূ ও পটুয়াখালীতে খাবারের প্রলোভনে বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :

গাজীপুরে নারী পোশাক শ্রমিককে ধর্ষণ : গাজীপুরের শ্রীপুরে আশ্রয় দেওয়ার নামে এক পোশাক শ্রমিককে দল বেধেঁ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মুলাইদ গ্রামের এ ঘটনায় গতকাল মঙ্গলবার শ্রীপুর থানায় একটি মামলা করা হলে সুলতান উদ্দিন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অন্য অভিযুক্তরা হলো, একই এলাকার মিজান ফকির (৩০), সাদ্দাম হোসেন সুবল (২২), রানা (২৭) ও অজ্ঞাত পরিচয় একজন। ঘটনার পর সুলতানকে আটক করা গেলেও বাকিরা পলাতক। শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জয়পুরহাটে ধর্ষণের শিকার গৃহবধূ : জয়পুরহাট সদরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বিকাশ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কড়ই সোনারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জয়পুরহাট সদর থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানান, গত রবিবার গভীর রাতে ওই গৃহবধূ বাড়ির ভেতরে টিউবয়েলে পানি ওঠাতে গেলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা প্রতিবেশী বিকাশ তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় গত সোমবার থানায় এসে নিজেই বাদী হয়ে বিকাশের নামে একটি মামলা করেন ওই নারী। এরপর গতকাল সকালে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

পটুয়াখালীতে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ : পটুয়াখালীর গলাচিপায় খাবারের প্রলোভন দেখিয়ে বাকপ্রতিবন্ধী এক শিশুকে (১২) ধর্ষণের অভিযোগে জালাল গাজী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বিকেলে কল্যাণ কলস নামের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, গত ১২ এপ্রিল শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে গজালিয়া ব্রিজ বাজারের চায়ের দোকানদার জালাল গাজী। র‌্যাব-৮ পটুয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে জালাল।