সংগীতশিল্পী ফরিদা পারভীন হাসপাতাল থেকে গতকাল মঙ্গলবার বাসায় ফিরেছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) গত ১২ এপিল ভর্তি হয়েছিলেন। এর আগে ৮ এপ্রিল ফরিদা পারভীনের করোনা শনাক্ত হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েক দিন বাসায় চিকিৎসা নিলেও পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনা সংক্রমণের পাশাপাশি তিনি দীর্ঘদিন যাবৎ কিডনির জটিলতা, ডায়াবেটিস, উচ রক্তচাপসহ থাইরয়েড জটিলতায় ভুগছিলেন।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘ফরিদা পারভীন এখন অনেকটাই সুস্থ। করোনার কোনো উপসর্গ এখন আর তার মধ্যে নেই। তার অক্সিজেন মাত্রাও স্বাভাবিক আছে। তবে তার করোনা রেজাল্ট এখনো পজিটিভ। এই অবস্থায় বাসায় থেকে আইসোলেশনে থাকবেন তিনি। আশা করি, খুব শিগগিরই তিনি স্বাভাবিক জীবনে ফিরবেন।’