যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বসের তরুণ উদ্যোক্তার তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বাংলাদেশি ৯ তরুণ। এশিয়ার ২২ দেশের ৩০০ সেরা উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছেন তারা। ফোর্বসের ২০২১ সালের ৩০ বছরের নিচের (থার্টি আন্ডার থার্টি এশিয়া) এই তালিকায় থাকা এই ৯ উদ্যোক্তা ছয়টি উদ্যোগ নিয়ে কাজ করছেন। তারা রয়েছেন ব্যবসায় প্রযুক্তি, সামাজিক প্রভাব এবং প্রথমবারের মতো চালু রিটেইল ও ই-কমার্স ক্যাটাগরিতে।
এই সাময়িকী চলতি বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এশিয়ার অনূর্ধ্ব-৩০ বছরের নিচের ৩০০ তরুণকে বেছে নিয়েছে। গতকাল মঙ্গলবার এ তালিকা প্রকাশ করা হয়।
বাংলাদেশি তরুণ উদ্যোক্তারা হলেনÑ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) উদ্যোগ গেজ টেকনোলজিসের প্রতিষ্ঠাতা শেহজাদ নূর তাওস (২৪) ও মোতাসিম বীর রহমান (২৬), স্টার্টআপ ক্র্যামস্ট্যাকের মীর সাকিব (২৮), হাইড্রোকোপ্লাসের রিজভানা হৃদিতা (২৮) ও জাহিন রোহান রাজীন (২২), কুয়ালালামপুরের এনজিও অ্যাওয়ারনেস থ্রিসিক্সটির শোমি হাসান চৌধুরী (২৬) ও রিজভী আরেফিন (২৬), অভিযাত্রিক ফাউন্ডেশনের আহমেদ ইমতিয়াজ জামি (২৭) ও পিকাবোর সহপ্রতিষ্ঠাতা মোরিন তালুকদার (২৭)।
২০১১ সাল থেকে বিভিন্ন উদ্ভাবন ও উদ্যোগের মাধ্যমে সমাজে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ৩০ বছরের কম বয়সী উদ্যোক্তা ও চেঞ্জমেকারদের নিয়ে এই তালিকা করছে সাময়িকীটি। গত বছর এই তালিকায় ছিলেন বাংলাদেশের রাবা খান ও ইশরাত করিম।
এবারের তালিকা নিয়ে ফোর্বস বলছে, এই প্রজন্মের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে এই ৩০০ উদ্যোক্তা নিজেরা টিকে ছিলেন। দীর্ঘ লকডাউনে অনেকটা সফলভাবে এগিয়েছেন। সব ধরনের প্রতিকূলতা ও অতিমারীর অনিশ্চয়তার মধ্যেও পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে উদ্যোগ ও ব্যবসা এগিয়ে নিয়েছেন তারা। মহামারীর মধ্যেও থেমে নেই উদ্যোগ ও উদ্যম। করোনাকালেও তালিকায় স্থান পাওয়া উদ্যোক্তা, বিজ্ঞানী, অ্যাকটিভিস্ট ও তরুণ নেতারা কঠোর পরিশ্রম অব্যাহত রেখেছেন। ফোর্বসের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচিতদের মধ্যে ১৭টি স্টার্টআপ দেড় কোটি ডলার তহবিল পেয়েছে এরই মধ্যে। ভারতের ফিনটেক উদ্যোগ রাজোরপে অনন্য সম্ভাবনাময় প্রকল্প ‘ইউনিকর্ন’ হিসেবে পরিচিতি পেয়েছে, যার মূল্যমান নির্ধারণ করা হয়েছে ৩০০ কোটি ডলার। এই তালিকা এশিয়া অঞ্চলের বৈচিত্র্যময় ‘উদ্যমী’ ব্যবস্থার প্রতিফলন বলে উল্লেখ করেছে ফোর্বস। এশিয়ার নারীরাও অনেক এগিয়েছেন। এ বছরের নির্বাচিতদের গড় বয়স ২৬ বছর ৪ মাস।