আর্থিক প্রতিষ্ঠানও সীমিত পরিসরে খোলা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধ চলাকালে ব্যাংকের মতো সীমিত আকারে খোলা থাকবে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও (এনবিএফআই)। গ্রাহকদের জরুরি আর্থিক সেবা দিতে স্বাস্থ্যবিধি মেনে এনবিএফআই খোলা রাখার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব এনবিএফআইর প্রধান নির্বাহীদের পাঠানো হয়। 

এতে বলা হয়েছে, গ্রাহকদের হিসাবে মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমাদান ইত্যাদি জরুরি আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে ২০২১ সালের ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ দুটি শাখা (একটি ঢাকায় ও অপরটি ঢাকার বাইরে) ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এ লক্ষ্যে স্বাস্থ্যবিধি পরিপালন করে প্রয়োজনীয় জনবলের বিন্যাস ও উপস্থিতির বিষয়টি প্রতিষ্ঠানগুলো স্বীয় বিবেচনায় সম্পন্ন করবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে বলা রয়েছে।

জানা গেছে, গত ১৪ এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ চলাকালেও আর্থিক প্রতিষ্ঠান খোলা ছিল। ব্যাংকের সঙ্গে সমন্বয় করে প্রতিষ্ঠানগুলো যে যার মতো করে খোলা রেখেছে। তবে এবার সার্কুলার দিয়ে এনবিএফআই খোলা রাখার বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক।