স্বাভাবিক হয়ে এসেছে বাঁশখালী কাজে ফিরছেন শ্রমিকরা

চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পে পুলিশ-শ্রমিক সংঘর্ষে হতাহতের ঘটনার ছয় দিন পর স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার পরিস্থিতি। প্রশাসনের মধ্যস্থতায় অনুষ্ঠিত বৈঠকে শ্রমিকদের সব দাবি মেনে নিয়েছে প্রকল্প

কর্র্তৃপক্ষ। অবশ্য তার আগেই কর্মস্থল ছেড়ে যাওয়া শ্রমিকরা ফিরতে শুরু করেছেন। যোগ দিতে শুরু করেছেন কাজে। 

গতকাল বুধবার প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইতিমধ্যে ৪৫ শতাংশ দেশি শ্রমিক কাজে যোগ দিয়েছেন। সোমবার থেকে সীমিত পর্যায়ে কাজ শুরু হয়েছে। বাকিরা দুই-এক দিনের মধ্যে যোগ দিলে পুরোদমে কাজ শুরু হবে। 

বাঁশখালীর গ-ামারা বেসরকারি ব্যবস্থাপনার কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে গত ১৪ এপ্রিল শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত ও ৪০ জন আহত হন। এ ঘটনার জের ধরে ওই প্রকল্পের সরঞ্জামাদি লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ ফোর্স ও র‌্যাবের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও আতংকে প্রকল্প ছেড়ে যান প্রায় চার হাজার শ্রমিক।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির দেশ রূপান্তরকে বলেন, ঘটনার পর থেকে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম দিকে পরিস্থিতি কিছুটা থমথমে থাকলেও আস্তে আস্তে তা স্বাভাবিক হয়ে আসছে। কোনোভাবেই যাতে প্রকল্পের কাজ বাধাগ্রস্ত না হয় সেটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ঘটনায় দায়ের হওয়া দুটি মামলা বিশেষ গুরুত্ব-সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত মামলায় কেউ গ্রেপ্তার হয়নি।

প্রকল্পটির এক সমন্বয়ক মোস্তান বিল্লাহ আদিল বুধবার দেশ রূপান্তরকে বলেন, প্রকল্পে সাড়ে চার হাজার শ্রমিকের মধ্যে দুই হাজার শ্রমিক ইতিমধ্যে কাজে যোগ

দিয়েছেন। একই সঙ্গে ৮৫৩ জন চীনা শ্রমিকও কাজ করছেন। বাকি শ্রমিকদের মধ্যে যারা বাড়িঘরে চলে গেছেন তারাও দুই-এক দিনের মধ্যে চলে আসবেন।

তিনি জানান, শ্রমিকদের যেসব দাবি-দাওয়া ছিল তাও কর্র্তৃপক্ষ মেনে নিয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় কোনো শ্রমিককে আসামি করা হয়নি। তাই শ্রমিকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।