চট্টগ্রামের একটি আড়ত থেকে আমদানি করা বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। নগরীর পাহাড়তলী বাজারের মেসার্স মাহী ট্রেডিং নামের একটি আড়ত থেকে গত মঙ্গলবার গভীর রাতে এসব চাল উদ্ধার করা হয়। চাল উদ্ধারের ঘটনায় আড়তদার আব্দুল বাহার মিয়াকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নগরীর মনসুরাবাদ এলাকায় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) ফারুক উল হক। তিনি আরও জানান, গোপন সংবাদ পেয়ে গত মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল পাহাড়তলী চালের বাজারে অভিযান চালায়। সেখানে মেসার্স মাহী ট্রেডিংয়ের সামনে দাঁড়ানো একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৬০ বস্তা চাল পাওয়া যায়। এসব বস্তায় খাদ্য মন্ত্রণালয়ের মনোগ্রাম ছিল। চালানপত্র অনুযায়ী নোয়াখালীর চরবাটা এলএসডি গোডাউনে নেওয়ার কথা ছিল এসব চালের বস্তা। অথচ বন্দর থেকে খালাস হওয়া চালের বস্তাগুলো সেখানে না গিয়ে নেওয়া হয় পাহাড়তলী বাজারে। এরপর আড়তে অভিযান চালিয়ে গোডাউনের ভেতরে থাকা আরও ১ হাজার ১৪০ বস্তা চাল জব্দ করা হয়। সবমিলিয়ে মোট ৭০ হাজার কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা ফারুক উল হক বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আড়তদার আব্দুল বাহার মিয়া জানিয়েছেন, জব্দ করা সরকারি চাল গুদামে না নিয়ে তারা মজুদ করেন। পরে বস্তা পরিবর্তন করে নিজেদের নামে প্যাকেটজাত করে খোলাবাজারে বিক্রি করতেন। এ ঘটনায় আব্দুল বাহারকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিএমপির গোয়েন্দা বন্দর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার হুমায়ুন কবির, সহকারী কমিশনার ইয়াসির আরাফাত প্রমুখ।