ফ্লয়েড হত্যায় ডেরেক চৌভিন দোষী সাব্যস্ত

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে বরখাস্তকৃত শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। গত মঙ্গলবার ১২ সদস্যের জুরি বোর্ড এই রায় ঘোষণা করে। বিশ্বজুড়ে বর্ণবাদবিরোধী আন্দোলনের ইতিহাসে এই রায়কে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে কারাবন্দি ডেরেক চৌভিনের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের সবকটিই আদালতে প্রমাণ হয়েছে। ফলে তার ৪০ বছরের কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে।গত সোমবার যুক্তিতর্কের শুনানির পর ১২ সদস্যবিশিষ্ট জুরি বোর্ড মঙ্গলবার এ হত্যাকাণ্ডের জন্য ডেরেক চৌভিনকে দোষী সাব্যস্ত করে। এর আগে ছয় ঘণ্টা ধরে গত তিন সপ্তাহের তথ্যগুলো বিশ্লেষণ করেছেন তারা। জুরির এই ১২ সদস্যের মধ্যে ছয়জন ছিলেন শ্বেতাঙ্গ এবং ৬ জন ছিলেন কৃষ্ণাঙ্গ কিংবা ভিন্ন বর্ণের লোক।

সোমবারের চূড়ান্ত যুক্তিতর্কের সময় বাদী পক্ষের একজন কৌঁসুলি শ্বেতাঙ্গ পুলিশ ডেরেক চৌভিনকে এই অভিযোগে অভিযুক্ত করেন যে, ওই কর্মকর্তা ফ্লয়েডের গলার ওপর ৯ মিনিটের বেশি সময় ধরে হাঁটু চেপে তাকে হত্যা করেছেন। তবে বিবাদী পক্ষের আইনজীবী এর বিরোধিতা করেন। তার দাবি, ফ্লয়েড মারা যায় অংশত মাদক সেবনের জন্য। গত বছর মে মাসে মিনিয়াপোলিসের রাস্তার ফুটপাতে ফ্লয়েডকে গ্রেপ্তারের সময় ডেরেক তার পুলিশি প্রশিক্ষণ অনুযায়ী আচরণ করেছিলেন।

প্রসিকিউটর স্টিভ শ্লাইশার মামলার ইতি টেনে বলেন, ডেরেক তার গোটা ওজনসহ তার হাঁটু ৯ মিনিট ২৯ সেকেন্ড পর্যন্ত ফ্লয়েডের গলার ওপর চেপে রেখেছিলেন। এ সময় ফ্লয়েড ২৭ বার নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছিলেন।

হেনেপিন কাউন্টি আদালতে রায় ঘোষণার পর ডেরেককে জেল হেফাজতে নিয়ে যাওয়া হয়। আদালত রায় ঘোষণার পর জর্জ ফ্লয়েডের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘এই বিচারের রায়ই যথেষ্ট নয়।’ রায়কে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। তবে তারা বলেছেন, শুধু একটি মামলার রায় দিয়ে সত্যিকারের ‘ন্যায়বিচারকে’ বিবেচনার সুযোগ নেই।

দেশটির ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস শহরে পুলিশের গুলিতে গত মঙ্গলবার এক কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে এ ঘটনা সংঘটিত হয়। পুলিশের দাবি, ওই কিশোরী ছুরিকাঘাতের চেষ্টা করছিল। তা প্রতিহত করতে গিয়ে গুলি চালাতে বাধ্য হয়েছে তারা।