ঈদে সালমার চমক

স্টেজ শো বন্ধ থাকলেও করোনা পরিস্থিতিতে নতুন গান নিয়ে ভীষণ ব্যস্ত ক্লোজআপ ওয়ান তারকা সালমা। এর মধ্যে আছে ‘পরদেশি’ শিরোনামের গান। সবুজ অরণ্যর কথায় এর সুর-সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটির ভিডিও প্রকাশিত হবে সিডি প্লাসের ব্যানারে। দেখা ও শোনা যাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলসহ বেশ কয়েকটি অডিও-ভিডিও শেয়ারিং মাধ্যমে।

‘পরদেশি’ প্রসঙ্গে সালমা বলেন, ‘এবার শো নিয়ে ব্যস্ততা নেই। তাই হাতে থাকা সময়টা কাজে লাগাচ্ছি। প্রচুর গান রেকর্ড করছি। এর মধ্যে ২৫টির মতো গান রেকর্ড হয়ে আছে বিভিন্ন প্রতিষ্ঠানের। ‘পরদেশি’ গানটি অন্যতম। গানটির কথা-সুর খুবই মনে লাগার মতো।’ সিডি প্লাস সূত্র জানায়, ‘পরদেশি’ গানচিত্রটি উন্মুক্ত করা হবে রমজানের শেষ সপ্তাহে।গত বছর করোনার প্রথম ঢেউয়ে সাহায্য নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সালমা ও তার স্বামী। এবারও তারা কাজ করে যাচ্ছেন।