ঈদে ঊর্মিলার নতুন নাটক

ছোটপর্দায় নিয়মিত লাক্স তারকা অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। ঈদের জন্য কয়েকটি খণ্ড নাটক ও ধারাবাহিকে অভিনয় করেছেন ঊর্মিলা। ঈদের ধারাবাহিক ‘ময়দা সুন্দরী’তেও দেখা যাবে এই অভিনেত্রীকে। নীহাজ খানের পরিচালনায় সম্প্রতি গাজীপুরের বিভিন্ন লোকেশনে ‘ময়দা সুন্দরী’র দৃশ্যধারণ করা হয়। মিডিয়া ক্রিয়েশনের ব্যানারে এতে ঊর্মিলার বিপরীতে অভিনয় করেছেন আরিফ হাসান। এছাড়াও ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে শবনম পারভীন, সোহেল খান, নিথর মাহবুব, ফয়সাল শাহ, মৌমিতা, মিথিলাকে দেখা যাবে। ‘ময়দা সুন্দরী’ লিখেছেন সুজিত বিশ্বাস। এর টাইটেল গানের কথা ও সুর করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন প্লাবন কোরাইশ। ঊর্মিলা শ্রাবন্তী কর ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন। ২০১০ সালে তাহের শিপন পরিচালিত ‘জটিল প্রেম’ নাটকে তাকে প্রথম মূল চরিত্রে দেখা যায়। আগামী বছর চলচ্চিত্রে কাজ করার পরিকল্পনা করেছেন এই অভিনেত্রী।