আসিয়ান সম্মেলনে অংশ নিতে ইন্দোনেশিয়া সফরে রয়েছেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। গতকাল শনিবার তাকে বহনকারী বিমান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবতরণ করে। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এটিই তার প্রথম কোনো প্রকাশ্য বিদেশ সফর। সম্মেলনে যোগ দেওয়া আসিয়ান নেতারা মিয়ানমারের জান্তাপ্রধানকে অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক মিডিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের এ সম্মেলনে ১০টি দেশের নেতারা যোগ দিচ্ছেন। এ সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতেই আছে মিয়ানমার সংকট।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন অবিলম্বে মিয়ানমারের বিক্ষোভকারীদের ওপর সহিংসতার বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ‘মিয়ানমারের শোচনীয় পরিস্থিতি অবিলম্বে বন্ধ করা উচিত।’ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো মিয়ানমারের পরিস্থিতিতে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন। বৈঠকের পর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেসেইন লুং বলেন, ‘মিয়ানমারের সামরিক বাহিনী প্রধান আমাদের বক্তব্য শুনেছেন। তিনি যে বিষয়গুলোতে সহায়ক বলে মনে করেছেন তিনি তা গ্রহণ করবেন।’
জাকার্তায় বৈঠক অনুষ্ঠিত হওয়া ভবনের বাইরে গতকাল বিক্ষোভকারীরা জড়ো হয়ে মিয়ানমারের জান্তার বিরুদ্ধে সেøাগান দেন। মিয়ানমারে অবিলম্বে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে তারা বিক্ষোভ করেন।
২০২০ সালের নির্বাচনে ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগে এই বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। এ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাতশোরও বেশি মানুষ নিহত হয়েছেন।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট জানিয়েছেন, জাকার্তায় তারা শুধু নিজ নিজ পররাষ্ট্রমন্ত্রীদের পাঠিয়েছেন। জোটটির অন্য সদস্য রাষ্ট্রগুলো হলোÑ মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, আয়োজক ইন্দোনেশিয়া এবং মিয়ানমার।
আসিয়ান থেকে মিয়ানমারকে বের করে দেওয়ার কথা নিয়ে আলোচনা চলছে। তবে জোটটির সদস্য রাষ্ট্রগুলো ঐতিহাসিকভাবে পরস্পরের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করে না। মিয়ানমারের সংকট নিরসন করতে আসিয়ান সম্মেলনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সম্মেলনের পার্শ্ববৈঠকে বিভিন্ন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে জাকার্তায় উপস্থিত ছিলেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শার্নার বার্গেনার।