অবশেষে জোড়া আঘাতে দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভার জুটি ভেঙেছেন তাসকিন আহমেদ। পঞ্চম ও শেষদিনে এসে শ্রীলঙ্কার পঞ্চম উইকেটের দেখা পেলো বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেন্ডির পাল্লেকেলেতে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ১৫৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৪৮ রান করেছে লঙ্কানরা। ব্যাটিংয়ে আছেন পাথুম নিশানকা (৯) ও উইকেটরক্ষক নিরোশান দিকভেলা (৪)। স্বাগতিকেরা এগিয়ে গেছে ৭ রানে।
ইনিংসের ১৫৩.৪ ওভারে নিজের দ্বিতীয় শিকার হিসেবে ধনাঞ্জয়াকে বোল্ড করেন তাসকিন। আগেরদিন টেস্ট ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরির দেখা পাওয়া লঙ্কান ব্যাটসম্যানের ২৯১ বলে ১৬৬ রানের ইনিংসটি সাজানো ছিল ২২ চারে। এরপর ১৫৫.৪ ওভারে এসে নিজের তৃতীয় শিকার হিসেবে করুনারত্নেকে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ বানান তাসকিন। আগেরদিন টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বিশতকের দেখা পাওয়া লঙ্কান অধিনায়ক-ওপেনারের ৪৩৭ বলে ২৪৪ রানের ইনিংসটি সাজানো ছিল ২৬ চারে। টেস্টে লঙ্কানদের ১০ সর্বোচ্চ স্কোর এটি।
শ্রীলঙ্কা পঞ্চমদিনে ব্যাটিংয়ে নামে ৩ উইকেটে ৫১২ রানে। চতুর্থদিন কোনো উইকেটের দেখা পায়নি টাইগাররা। করুনারত্নে ২৩৪ ও ধনাঞ্জয়া ১৫৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। এই দুই ব্যাটসম্যান নিরবিচ্ছিন্ন জুটিতে ৫৫৩ বলে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে জমা করেন ৩৪৫ রান।
এর আগে ৭ উইকেটে ৫৪১ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারী বাংলাদেশ।