সাবেক স্ত্রীকে ধর্ষণ মামলায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. আজিজুল হক সবুজ নামে পুলিশের একজন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন।

আটক আজিজুল হক সবুজ পুলিশের এসআই পদে কর্মরত। তিনি ঢাকা এপিবিএন থেকে সদ্য পুলিশের খুলনা রেঞ্জে বদলি হয়েছেন।

তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার সুরুরিয়া গ্রামের মো. আনোয়ারুল হকের ছেলে। তার বর্তমান ঠিকানা যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রাম।

যশোর কোতোয়ালি থানা পুলিশ শহরের বারান্দীপাড়া ঢাকা রোডের হাফিজিয়া মাদ্রাসার পাশ থেকে তাকে আটক করে।

মামলার তদন্ত কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (ইন্টালিজেন্স) সুমন ভক্ত বলেন, ‘শনিবার ভোরে হটলাইন ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা দুইজনকে থানায় নিয়ে আসি।’

তিনি আরও জানান, প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হলেও শনিবার রাতে মামলা দায়েরের পর আজিজুল হক সবুজকে আটক করা হয়। আজ (রবিবার) আদালতে হাজির করা হবে। ভিকটিমকে শারীরিক পরীক্ষার পর আদালতে জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হবে, বলেন ওই কর্মকর্তা।

মামলায় জেসমিন অভিযোগ করেছেন, ২০১৯ সালের ২৭ ডিসেম্বর আজিজুল হক সবুজের সাথে তার বিয়ে হয়। আজিজুলের আগেও তিনটি বিয়ে ছিল। চাকরির সুবাদে আজিজ কর্মস্থলে থাকতেন। মাঝে মাঝে যশোরে বাদীর বসতবাড়িতে আসতেন।

মামলা সূত্রে জানা গেছে, আজিজুল ২০২০ সালের ১৪ ডিসেম্বর সাতক্ষীরায় অন্য এক মেয়েকে বিয়ে করে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখে ওই নারীকে তালাক দেন। গত ২৪ এপ্রিল রাত একটার দিকে আজিজ তার ঘরের দরজায় নক করেন।

দরজা খোলামাত্র আজিজুল ঘরের ভেতর ঢুকেই ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। এরপর ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। আজিজ ওয়াশরুমে ঢুকলে সাবেক স্ত্রী ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে কোতোয়ালি থানা পুলিশ এসে তাকে উদ্ধার করেন।