পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি দুই সাবসিডিয়ারি কোম্পানি থেকে ৮৯১ কোটি টাকার অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ পাবে। এরমধ্যে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইউনাইটেড এনার্জি লিমিটেড থেকে ৭৪৮ কোটি ৫০ লাখ টাকা অন্তর্বর্তী লভ্যাংশ হিসেবে পাবে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে ইউনাইটেড পাওয়ার।
কোম্পানিটি জানিয়েছে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দুই সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইউনাইটেড এনার্জি লিমিটেড ও ইউনাইটেড জামালপুর পাওয়ার অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করে। এরমধ্যে ২০২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনাইটেড পাওয়ারের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইউনাইটেড এনার্জি লিমিটেড ৭৫০ কোটি টাকা এবং ইউনাইটেড জামালপুর পাওয়ার ১৫০ কোটি টাকার অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এই দুই সাবসিডিয়ারির ৯৯ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের হাতে। এ হিসেবে ইউনাইটেড এনার্জি লিমিটেড থেকে ৭৪২ কোটি ৫০ লাখ টাকা এবং ইউনাইটেড জামালপুর পাওয়ার থেকে ১৪৮ কোটি ৫০ লাখ টাকা অন্তর্বর্তী নগদ লভ্যাংশ হিসেবে পাবে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন।
এর আগে গত জানুয়ারিতেও চলতি হিসাব বছরের প্রথমার্ধের (২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর) জন্য এই দুই সাবসিডিয়ারি থেকে ৭৪২ কোটি ৫০ লাখ টাকা অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ হিসেবে পায় ইউনাইটেড পাওয়ার। সব মিলিয়ে ইউনাইটেড এনার্জি ও জামালপুর থেকে চলতি হিসাব বছরের নয় মাসে ১ হাজার ৬৩৩ কোটি টাকা লভ্যাংশ হিসেবে পেল ইউনাইটেড পাওয়ার।
সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ইউনাইটেড এনার্জির অধীনে আশুগঞ্জে ৫৩ মেগাওয়াট ও সিলেটে ২৮ মেগাওয়াটের দুটি পাওয়ার প্ল্যান্ট রয়েছে। এছাড়া ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি পাওয়ার লিমিটেড নামের ১৯৫ মেগাওয়াটের আরও একটি বিদ্যুৎকেন্দ্রের ৯২ দশমিক ৪১ শতাংশ মালিকানা রয়েছে ইউনাইটেড এনার্জির।
এর আগে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর চট্টগ্রামের আনোয়ারায় ৩০০ মেগাওয়াট ও জামালপুরে ১১৫ মেগাওয়াট সক্ষমতার দুটি এইচএফওভিত্তিক বিদ্যুৎকেন্দ্র অধিগ্রহণ করে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল), যা ১ জুলাই থেকে কার্যকর হয়। অধিগ্রহণের মাধ্যমে ইউনাইটেড আনোয়ারা পাওয়ার ও ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার নিট সম্পদমূল্যে কিনে নেয় ইউপিজিডিসিএল। মূলত এ দুই কোম্পানি অধিগ্রহণের পর থেকেই ইউনাইটেড পাওয়ারের নিট মুনাফায় উল্লেখযোগ্য হারে বাড়তে দেখা যায়।
পর্যালোচনায় দেখা যায়, ২০২০ সালের জুন সমাপ্ত হিসাব বছরে ইউনাইটেড পাওয়ারের নিট মুনাফা হয় ৫৯৩ কোটি ৫০ লাখ টাকা। আর একই গ্রুপের দুই কোম্পানি অধিগ্রহণের পর চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানির নিট মুনাফা হয় ৫৫০ কোটি টাকা। এখন তৃতীয় প্রান্তিকে দুই সাবসিডিয়ারি থেকে ৮৯১ কোটি টাকার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ পাওয়ার পর তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা উল্লেখযোগ্য হারে বাড়বে।