করোনা ছড়ানোর সন্দেহে স্পেনে যুবক গ্রেপ্তার

২২ জনের দেহে করোনা ছড়িয়েছেন এমন সন্দেহ থেকে স্পেনে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, করোনা আক্রান্ত ওই ব্যক্তি থেকে আরও প্রায় দুই ডজন মানুষ সংক্রমিত হয়েছেন।

৪০ বছর বয়সী ওই ব্যক্তির বেশ কয়েক দিন ধরেই কাশি হচ্ছিল এবং তার গায়ের তাপমাত্রা ছিল ১০৪ ফারেনহাইট বা ৪০ সেলসিয়াসের বেশি। কিন্তু তিনি নিজের অসুস্থতাকে পাত্তা না দিয়ে দিব্যি অফিস করেছেন এমনকি জিমেও গেছেন।

তিনি মায়োরকায় কাজ করেন। সেখানে নিজের কাজের এলাকায় তিনি দিব্যি হেঁটে বেড়িয়েছেন। আবার মাস্ক খুলে মজার ছলে নিজের সহকর্মীদের ভয় দেখিয়েছেন যে, তিনি তাদের মধ্যে করোনা ছড়িয়ে দেবেন। যদিও এটা মজা করেই তিনি বলেছেন কিন্তু সেটা আর মজার মধ্যে থাকেনি। এর কয়েক দিন পরেই তার পাঁচ সহকর্মী এবং তিনি যে জিমে যাওয়া-আসা করতেন সেখানকার তিনজনের দেহে করোনা পজিটিভ ধরা পড়ে। এছাড়া তার পরিবারেরই আরও ১৪ জনের দেহেও করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে এক বছর বয়সী তিন শিশুও রয়েছে।

এক বিবৃতিতে স্পেনের পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির দেহে বেশ কিছুদিন ধরেই করোনার উপসর্গ দেখা দিয়েছিল। কিন্তু মানাকোর শহর থেকে তিনি বাড়ি ফিরে যাননি। উপসর্গ দেখা দেওয়ার পর যেখানে নিজ দায়িত্বেই আইসোলেশনে থাকা উচিত ছিল সেখানে তিনি কর্মক্ষেত্রসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন।