বসতবাড়ি ভাংচুর ও প্রতিপক্ষের লোকজনকে মারধরের মামলায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিআরডিবির চেয়ারম্যান নবীর হোসেন চুন্নু (৫০) ও ময়না ইউনয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার জামাল মোল্যাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার বিকেলে বোয়ালমারী পৌর সদর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়না ইউনিয়নের বানিয়াড়ি গ্রামের নবীর হোসেন চুন্নু ও জামাল মোল্যার নেতৃত্বে শুক্রবার রাত ৯টার দিকে গ্রামের পান্নু শেখ, নওশের শেখসহ ৬টি বাড়িতে ভাংচুর ও প্রতিপক্ষের লোকজনকে মারধর করা হয়।
এ ঘটনায় পান্নু শেখ বাদী হয়ে ২৫জনকে আসামি করে রবিবার থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আক্কাচ হোসেন বলেন, মামলা নথিভুক্ত হওয়ার পরই অভিযান চালিয়ে মামলার ১ ও ২নং আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির মো. সেলিম বলেন, শুক্রবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে বানিয়াড়ি গ্রামে দুই পক্ষের মধ্যে গোলমাল হয়েছিল। এ ঘটনায় রবিবার বিকেলে মামলা হয়। তিনি চেষ্টা করেছিলেন উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দিতে কিন্তু তা সম্ভব হয়নি।