উইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখেই টুর্নামেন্টের আগে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। তাদের আগে তিন ম্যাচের সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। কিন্তু ক্রিকবাজকে আকরাম খান জানিয়েছেন, আগস্টের শুরুর দিকে উইন্ডিজ সফর শেষ করেই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। এরপর আসবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। আকরাম খান জানান, তিন ম্যাচের সঙ্গে আরও দুটি ম্যাচ যুক্ত করার সম্ভাবনা রয়েছে। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে ইংল্যান্ডকে নিয়ে যে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সম্ভাবনা ছিল তা একেবারেই ক্ষীণ বলছেন আকরাম খান।