ফটিকছড়িতে সাংবাদিক পরিচয়ে প্রতারণার চেষ্টাকালে আটক ৪

ফটিকছড়িতে গলায় কার্ড, হাতে ক্যামেরা আর দামি গাড়ি হাঁকিয়ে সাংবাদিক পরিচয়ে প্রতারণার চেষ্টাকালে দুই নারীসহ ৪ ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ১২টি মোবাইল ফোন, ৩টি ক্যামেরা, ২টি পাওয়ার ব্যাংক, নগদ টাকাসহ 'বর্তমানের কথা' ও 'রুদ্র বাংলাদেশ' নামক দু'টি কথিত পত্রিকার ৩টি আইডি কার্ড জব্দ করা হয়।

জানা যায়, সোমবার রাত ৮টার দিকে হঠাৎ প্রাইভেটকারে করে এসে শান্তিরহাট বাজারের একটি বেকারিতে প্রবেশ করে সাংবাদিক পরিচয় দিয়ে কাগজপত্র দেখতে চান দু’জন লোক।

এ সময় তারা গাড়িতে বসা অপর দুই নারী প্রতারককে দেখিয়ে 'সিনিয়র সাংবাদিক' বলে পরিচয় দেন। পরে বেকারি মালিককে হুমকি-ধামকি প্রদান করে।

একপর্যায়ে তারা অনিয়মের খবর পত্রিকায় প্রকাশ করার হুমকি দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন৷

এ সময় তাদের কথাবার্তা অসংলগ্ন ও আচার-আচারণ সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা। পরে দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

দাতঁমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউল হক চৌধুরী বলেন, 'আটকদের বিরুদ্ধে ভূজপুর থানায় মামলা দায়ের শেষে সকালে জেলহাজতে প্রেরণ করা হবে।

পুলিশ জানায়, এরা মূলত সংঘবদ্ধ প্রতারক চক্র। সাংবাদিক বেশে তারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরে অভিনব কায়দায় প্রতারণা করে।

আটকরা হলেন- ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা ধোপঘাট এলাকার মৃত ওয়াজ উদ্দিন সরকারের ছেলে জয়নাল আবেদিন জয় (৪০), গাজীপুর জেলার পুবাইল থানাধীন ভাধুন এলাকার মিজান সরকারের ছেলে এয়াছিন সরকার প্রকাশ হৃদয় (২৬), জামালপুর জেলার মাধারগন্ডা থানার নয়াপাড়া এলাকার মৃত রহমত উল্যাহ প্রকাশ তাঁরামিয়ার মেয়ে পারভিন আকতার লিমা (৩২) ও গাজীপুরের জয়দেবপুর থানার নাউরুর এলাকার সুরুজ মাতবরের মেয়ে বিলকিস আকতার রুবি (২৫)।